নারীদের আত্মনির্ভরশীল করতে সুনামগঞ্জের শাল্লায় প্রথম সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: 10:17 PM, October 26, 2026

নারীদের আত্মনির্ভরশীল করতে সুনামগঞ্জের শাল্লায় প্রথম সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ):

হাওরাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে সুনামগঞ্জ জেলায় প্রথমবারের মতো সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলার ৮৮টি ইউনিয়নের মধ্যে এটিই প্রথম কোনো উদ্যোগ।

বাহাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু এবং সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম (মাস্টার), কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন প্রমুখ।
প্রধান ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, তিন মাসব্যাপী এই সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা তাঁদের স্বাবলম্বী হতে বিশেষ ভূমিকা রাখবে।

এছাড়া বক্তারা সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, প্রাথমিকে কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং আইটেম, স্কুল ব্যাগ ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে। তাই সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে নারী-পুরুষের স্বাস্থ্য সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে বাল্যবিয়ে রোধে সচেতন হওয়ার আহ্বান জানান তারা—মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ বছরের পূর্বে বিয়ে না দিতে তাগিদ দেওয়া হয়।

পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য সরকারি সুবিধার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ডিবিসি টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি সাঈদুর রহমান আসাদ, কালের কণ্ঠের সাংবাদিক ছায়াদ হোসেন সবুজ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিলুয়ার হোসেন, সহ-সভাপতি কাজী বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, সদস্য বিপ্লব চন্দ্র রায়সহ প্রশিক্ষণার্থী নারীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর