ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
লুৎফুর রহমান শাওন, ছাতক
ঘনিয়ে আসছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে যেমন বাড়ছে রাজনৈতিক তৎপরতা, তেমনি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। ভোটের উৎসবে সরাসরি অংশ নিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে দলে দলে দেশে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি যারা দেশে ফিরতে পারছেন না, তারা এবার পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে যুক্ত হচ্ছেন।
সুনামগঞ্জ জেলার শিল্পনগরে হিসেবে পরিচিত ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে এবারের নির্বাচনে দলীয়ভাবে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে এই আসনের নির্বাচনী মাঠ ইতোমধ্যেই বেশ সরগরম হয়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, এ দুটি উপজেলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডা, দুবাই, পর্তুগাল, সৌদি আরব, ওমান ও কাতারসহ বিভিন্ন দেশে বসবাসরত ৫ হাজারেরও বেশি প্রবাসী ভোটার রয়েছেন। তাদের একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী দলের অনেক নেতাকর্মী আগেভাগেই দেশে এসে উঠান বৈঠক, মিছিল ও গণসংযোগে যুক্ত হয়েছেন।
নির্বাচনী তফসিল ঘোষণার আগেই দলীয় প্রার্থীরা প্রবাসে অবস্থানরত আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে প্রবাসীদের দেশে ফেরা আরও বাড়তে থাকে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে দেশে এসে ভোটের উৎসবে শামিল হচ্ছেন।
বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী’র পক্ষে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী দেশে এসে প্রচারণায় অংশ নিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে প্রায় অর্ধশতাধিক প্রবাসী দেশে এসে সরাসরি ভোটের মাঠে কাজ করছেন এবং প্রতিদিনই নতুন করে প্রবাসীরা দেশে ফিরছেন।
এদিকে নির্বাচন কমিশনের উদ্যোগে প্রবাসীদের জন্য চালু থাকা পোস্টাল ভোট ব্যবস্থা এই আসনে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ-৫ আসনের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে অনেক প্রবাসী পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। ফলে দেশে ফিরতে না পারলেও তারা নিজ নিজ অবস্থান থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।
মধ্যপ্রাচ্যপ্রবাসী ছাতক পৌরশহরের গনক্ষাই গ্রামের বাসিন্দা কাওসার আহমদ বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকেও দেশের নির্বাচনে অংশ নিতে পারিনি। এবার পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। এটা আমাদের জন্য বড় অর্জন।
কাতারপ্রবাসী দোয়ারাবাজার উপজেলার চাইরগাঁওর বাসিন্দা সোহেল বলেন, কাজের চাপে দেশে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু পোস্টাল ভোট ব্যবস্থা থাকায় এবার ভোট দিতে পারছি। এতে প্রবাসীরাও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারছে।
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের ফ্রান্সপ্রবাসী নুরুল আমিন দীর্ঘ ৮ বছর পর দেশে ফিরে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে গণসংযোগ শুরু করেছেন। তিনি বলেন, বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করা জরুরি। ইনশাল্লাহ ইনসাফের প্রতীক দাড়িপাল্লা বিপুল ভোটে জয়লাভ করবে।
একইভাবে যুক্তরাজ্য থেকে সম্প্রতি দেশে ফিরেছেন ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আব্দুল গনি। তাকে দেশে ফেরায় দলীয় নেতাকর্মীরা উষ্ণ সংবর্ধনা জানান। তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতেই দেশে এসেছি। মানুষের মাঝে ভোটের আগ্রহ দেখে আমরা আশাবাদী।
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মাছিমপুর গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী সফিক মিয়া বলেন, দীর্ঘদিন পর ভোটের অধিকার ফিরে পাওয়ায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। আমরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছি। শুধু দেশে নয়, প্রবাসেও নির্বাচনী উত্তাপ বিরাজ করছে।
এই আসনের ভোটের মাঠে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন- বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জোটের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন (ধানের শীষ), ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুস সালাম আল মাদানী (দাড়িপাল্লা), খেলাফত মজলিসের মনোনীত হাফিজ আব্দুল কাদির (দেয়াল ঘড়ি), জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম (লাঙ্গল), এনপিপির আজিজুর রহমান (আম)।
সব মিলিয়ে প্রবাসীদের সরাসরি উপস্থিতি ও পোস্টাল ভোটের মাধ্যমে অংশগ্রহণে সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচন এবার আরও অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়ে উঠেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে সাধারণ ভোটার ও প্রবাসীদের আগ্রহ-উদ্দীপনা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host