বালাগঞ্জে অসহায় দিনমজুর সেলিমের পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ শুরু

প্রকাশিত: 7:13 PM, September 27, 2026

বালাগঞ্জে অসহায় দিনমজুর সেলিমের পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ শুরু

মোঃ আব্দুর রকিব আনু, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বালাগঞ্জে অসহায় দিনমজুর দিলওয়ার হুসেন সেলিমের পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি-এর অর্থায়নে বালাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে এ ঘর নির্মাণ করা হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঘর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম। উদ্বোধন শেষে দক্ষিণ চরভুতা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ওসমানীনগর প্রেসক্লাবের কার্যকরী সদস্য শাহাব উদ্দিন শাহীন, ইউপি সদস্য লিয়াকত আলী, স্থানীয় মুরব্বি আলকাছ আলী, সাংবাদিক নাজমুল ইসলাম, মাছুম আহমদ, আব্দুল হক, আমিন মিয়া, আব্দুর রহমান, নেসার্স ট্রাস্টের সদস্য শাহ নাজমুল, রুমেস আহমদ, সাজু মিয়া, সামাদ আহমদ, হামজা, সাইদুর রহমান ও খালেদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নেসার্স ট্রাস্ট সূত্রে জানা যায়, অসহায় ও দরিদ্র মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ২৭টি পাকা ঘর নির্মাণ করে অসহায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেলিমের পরিবারের জন্য নির্মাণাধীন ঘরটি হবে এ উদ্যোগের ২৮তম ঘর।

সংশ্লিষ্টরা জানান, আগামী মাসে নির্মাণকাজ শেষ হলে ঘরটি সেলিমের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর নির্মাণে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়।

ঘর নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠন দুটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর