ঢাকা |
প্রকাশিত: 9:29 AM, August 25, 2026
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলায় পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপ দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার কৃতিসন্তান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় এ দাবির বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে।
ওসমানীনগরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পৌরসভা প্রতিষ্ঠার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছেন হুমায়ুন কবির।
এ বিষয়ে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। ২০ আগস্ট ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি পৌরসভা প্রতিষ্ঠার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
চিঠিতে হুমায়ুন কবির উল্লেখ করেন, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার প্রধান দুটি বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার ও তাজপুর দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব এলাকায় বাজার, বিপণিবিতান, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ শহরাঞ্চলের প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো গড়ে উঠেছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ এসব এলাকায় তাদের নাগরিক ও বাণিজ্যিক প্রয়োজন সম্পন্ন করতে আসেন।
চিঠিতে আরও বলা হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ ব্যবস্থার মাধ্যমে সড়ক, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সেবা পরিচালিত হলেও ক্রমবর্ধমান জনসংখ্যা ও নাগরিক চাহিদার তুলনায় আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
এ অবস্থায় গোয়ালাবাজার ও তাজপুরের সমন্বয়ে ‘ওসমানীনগর’ নামে একটি পৌরসভা প্রতিষ্ঠা করা হলে পরিকল্পিত নগরায়ণ, উন্নত নাগরিক সেবা, রাজস্ব আহরণ ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় সরকারের কাঠামোর মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘদিনের এই জনদাবিকে সামনে রেখে হুমায়ুন কবিরের নেওয়া উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ওসমানীনগরে পৌরসভা প্রতিষ্ঠার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
স্থানীয়দের মতে, পৌরসভা প্রতিষ্ঠিত হলে ওসমানীনগরের ক্রমবর্ধমান নগরায়ণকে পরিকল্পিত কাঠামোর মধ্যে আনা, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন আরও সহজ ও কার্যকর হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host