ঢাকা |
প্রকাশিত: 6:32 PM, September 25, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
ভারতের রাজধানী দিল্লির শালিমারবাগ এলাকায় গভীর রাতে মদিনা মসজিদ ও আশপাশের কয়েকটি স্থাপনায় বুলডোজার অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ম্যাক্স হাসপাতাল রোড এলাকায় বিপুল পুলিশ সদস্যের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক প্রশস্তকরণ ও অ্যান্টি-এনক্রোচমেন্ট (অবৈধ দখল উচ্ছেদ) অভিযানের অংশ হিসেবে মদিনা মসজিদের একটি অংশ এবং আশপাশের কয়েকটি বাড়ি ভেঙে দেওয়া হয়। একই সড়কে এর আগে আরও উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) দিল্লি শাখার সভাপতি শোয়েব জামাই ঘটনাস্থলে গিয়ে গভীর রাতে মসজিদ ভাঙার সময় ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, মসজিদের ইমামকে ভেতরে থাকা নথিপত্র ও কোরআনের কপি সরানোর পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকেও উচ্ছেদ প্রক্রিয়া ও নোটিশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে আপিল ট্রাইব্যুনালে আইনি প্রক্রিয়া চলছিল এবং মসজিদের ওপরের অংশ ভাঙার বিষয়ে সেখানে শুনানি হয়েছিল।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো নির্মাণ অবৈধ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া স্বাভাবিক এবং ঘটনাটিকে রাজনৈতিক রং না দেওয়াই উচিত।
ঘটনাটি নিয়ে দিল্লিতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সড়ক প্রশস্তকরণ ও অবৈধ দখল উচ্ছেদকেই অভিযানের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host