ঢাকা |
প্রকাশিত: 9:32 PM, September 23, 2026
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে হোয়াইট হাউসে ব্যাপক আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চীনা প্রেসিডেন্ট ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছালে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে তাকে স্বাগত জানানোর কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। বিদেশি কোনো নেতাকে বিমানবন্দরে সরাসরি স্বাগত জানানো মার্কিন প্রেসিডেন্টের জন্য তুলনামূলক বিরল প্রটোকল।
বৃহস্পতিবারের মূল আয়োজনে হোয়াইট হাউসের স্টেট ফ্লোর, সাউথ লন ও রোজ গার্ডেনে বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকবে। হোয়াইট হাউস জানিয়েছে, অনুষ্ঠানে মার্কিন সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মোট ৪৭৯ জন সদস্য অংশ নেবেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও চীনের জাতীয় সংগীত পরিবেশন, সামরিক সম্মান প্রদর্শন এবং রোজ গার্ডেনে সামরিক কুচকাওয়াজ থাকবে। পরে বি-২ স্পিরিট ও চারটি এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমানের সমন্বয়ে সামরিক ফ্লাইওভার দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।
সন্ধ্যায় শি জিনপিং ও পেং লিয়ুয়ানের সম্মানে হোয়াইট হাউসে স্টেট ডিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রযুক্তি ও ব্যবসা খাতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।
সফরকালে ট্রাম্প ও শি জিনপিংয়ের আলোচনায় বাণিজ্য, শুল্ক, বিরল খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে বলে জানা গেছে। এক দশকেরও বেশি সময় পর এটি চীনা কোনো প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর।
শুক্রবার সফরের শেষ দিনে দুই নেতা ও তাদের স্ত্রীদের মধ্যে হোয়াইট হাউসে চা বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর তারা ওয়াশিংটনের ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host