সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনে বাড়ছে কোচ

প্রকাশিত: 3:09 AM, September 23, 2026

সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনে বাড়ছে কোচ

নিজস্ব প্রতিবেদকঃ

যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক মাস বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রেলওয়ের সংশ্লিষ্ট নথি থেকে এ তথ্য জানা গেছে।

নথি অনুযায়ী, ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় নির্ধারিত ছক অনুযায়ী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, পারাবত এক্সপ্রেসের (ট্রেন নম্বর ৭০৯-৭১০) সঙ্গে একটি এসি চেয়ার কোচ যুক্ত করার কথা রয়েছে। জয়ন্তিকা এক্সপ্রেসের (৭১৭) সঙ্গে একটি শোভন চেয়ার এবং উপবন এক্সপ্রেসের (৭৪০) সঙ্গে একটি শোভন চেয়ার কোচ সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া কালনী এক্সপ্রেসের (৭৭৩-৭৭৪) সঙ্গে একটি শোভন চেয়ার কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উপবন এক্সপ্রেস (৭৩৯) ও জয়ন্তিকা এক্সপ্রেসের (৭১৮) সঙ্গে একটি করে এসি চেয়ার এবং একটি করে শোভন চেয়ার কোচ সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

রেলওয়ের নথিতে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক মাস এসব অতিরিক্ত কোচ সংযোজনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট নথিতে আরও বলা হয়েছে, যাত্রী চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঢাকা-সিলেট রুটে আসনসংখ্যা বাড়ানোর জন্যই অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে এ রুটে বাড়তি যাত্রী চাপ কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর