ঢাকা |
প্রকাশিত: 11:13 PM, September 8, 2026
নিজস্ব প্রতিদেকঃ
সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে আটক করে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশ বাক্স চুরির চেষ্টা করার অভিযোগে ওই কিশোরীকে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন ব্যক্তি আটক করেন। পরে তাকে মারধর করে কোমরে শিকল বাঁধা হয় বলে অভিযোগ রয়েছে।
রাত আনুমানিক ১১টার দিকে শিকল বাঁধা অবস্থায় ওই কিশোরীকে সড়কে হাঁটিয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক যুবক শিকল ধরে কিশোরীকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় কিশোরীকে কাঁদতে দেখা যায়। তবে ভিডিওতে ওই যুবকের চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।
পরে স্থানীয়রা কিশোরীকে শাহপরাণ (রহ.) থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে আটককারীরা তার বিরুদ্ধে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মঙ্গলবার রাতে বলেন, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে থানায় নিয়ে আসে। তার বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। স্থানীয়দের অভিযোগ ছিল, সে একটি দোকানের ক্যাশ বাক্স চুরি করেছে। তবে তাকে থানায় নিয়ে আসার পর কেউ কোনো লিখিত অভিযোগ করেননি কিংবা পুলিশের তদন্তে সহযোগিতা করেননি।
পরে কিশোরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ৮৯ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর বিষয়ে জানতে চাইলে ওসি মো. মনির হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। কেউ এমন কাজ করে থাকলে তা অন্যায় হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী কোনো সাধারণ নাগরিক আমলযোগ্য অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে আটক করতে পারেন। তবে তাকে বিলম্ব না করে পুলিশের কাছে বা নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে।
তিনি বলেন, কাউকে আটক করার পর আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দেওয়া, কোমরে শিকল বেঁধে জনসমক্ষে হাঁটানো কিংবা কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা আইনসম্মত নয়। এ ধরনের আচরণ আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।
এদিকে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর ঘটনায় কারা জড়িত, তাদের শনাক্ত করা হয়েছে কি না এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host