হোল্ডিং ট্যাক্স সরকারি বিধিমালা অনুযায়ী আদায় করা হচ্ছে: চেয়ারম্যান দিলোয়ার
চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, দাবি খাদিমনগর ইউপি চেয়ারম্যানের

প্রকাশিত: 11:26 PM, September 8, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>হোল্ডিং ট্যাক্স সরকারি বিধিমালা অনুযায়ী আদায় করা হচ্ছে: চেয়ারম্যান দিলোয়ার</span> <br/> চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, দাবি খাদিমনগর ইউপি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স আদায় ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত মানববন্ধনে পরিষদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক বলে দাবি করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানান।

বিবৃতিতে চেয়ারম্যান বলেন, হোল্ডিং ট্যাক্স কোনো ব্যক্তিগত চাঁদা নয়। এটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এবং ‘ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল, ২০১৩’-এর বিধান অনুযায়ী ধার্য করা একটি সরকারি কর। সংশ্লিষ্ট গেজেটের বিধান অনুযায়ী, ইউনিয়ন পরিষদ এলাকার ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের সর্বোচ্চ ৭ শতাংশ হারে কর আরোপের সুযোগ রয়েছে।

তিনি বলেন, ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য সরকারি বিধিমালা অনুসরণ করে হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হলেও একটি স্বার্থান্বেষী মহল আইনের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে হোল্ডিং ট্যাক্স আদায়ের কার্যক্রম চালু থাকলেও খাদিমনগর ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে এসেসমেন্টের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পরিষদের দাবি, পুরো প্রক্রিয়াটি ইউনিয়ন পরিষদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে।

চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন বলেন, হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিতে ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে সরাসরি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, পরিষদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। সরকারি বিধিমালা অনুসরণ করেই ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর