টুকেরবাজারে ১৫ একর জমিতে প্রকল্প, কলেজ ও স্টেডিয়ামের সীমানা নির্ধারণ করে ডিপিপি প্রণয়নের সিদ্ধান্ত
নতুন স্টেডিয়াম পেতে যাচ্ছে সিলেট

প্রকাশিত: 11:29 PM, September 6, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>টুকেরবাজারে ১৫ একর জমিতে প্রকল্প, কলেজ ও স্টেডিয়ামের সীমানা নির্ধারণ করে ডিপিপি প্রণয়নের সিদ্ধান্ত</span> <br/> নতুন স্টেডিয়াম পেতে যাচ্ছে সিলেট

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আরও একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের টুকেরবাজার এলাকায় শাহ খুররাম ডিগ্রি কলেজের সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের প্রায় ১৫ একর জমিতে এ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক ও মানসম্মত ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সিউকের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।

স্থান পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ এবং সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর (প্রিন্স) উপস্থিত ছিলেন। তারা প্রস্তাবিত জায়গার কারিগরি বিষয় ও ভূমির সার্বিক অবস্থা পর্যালোচনা করেন।

পরিদর্শন ও মতবিনিময় শেষে প্রস্তাবিত প্রায় ১৫ একর জমির মধ্যে শাহ খুররাম ডিগ্রি কলেজ এবং স্টেডিয়ামের জন্য পৃথক সীমানা নির্ধারণ করে প্রকল্পের ডিটেইলড প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় টুকেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ৬নং টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, গণদাবি পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৩৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাহজাহান আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু, কবির উদ্দিন আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় গণপূর্ত বিভাগ সিলেট উপ-বিভাগ-১-এর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সারথি দত্ত, উপ-সহকারী প্রকৌশলী রিপন দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে সিলেটে জেলা স্টেডিয়াম ও বিভাগীয় স্টেডিয়াম নামে দুটি স্টেডিয়াম রয়েছে। নতুন স্টেডিয়ামটি নির্মিত হলে নগর ও আশপাশের এলাকার ক্রীড়াবিদদের জন্য আরও একটি আধুনিক ক্রীড়া অবকাঠামো যুক্ত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর