ঢাকা |
প্রকাশিত: 11:20 PM, September 6, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, প্রবীণ সমাজসেবী, শাল্লা উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা আহবায়ক কমিটির বিএনপির সম্মানিত সদস্য আলী আমজাদ তালুকদার আর নেই। চিরতরে নিভে গেল এক বজ্রকণ্ঠ, থেমে গেল মানুষের অধিকার আদায়ের অনড় এক পদযাত্রা। তাঁর প্রয়াণে পুরো আটগাঁও ইউনিয়নসহ সমগ্র শাল্লা উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আটগাঁও গ্রামের মরহুম মিয়াফর তালুকদারের দ্বিতীয় সন্তান আলী আমজাদ তালুকদার শৈশব থেকেই ছিলেন অদম্য সাহসী, প্রতিবাদী ও সমাজসচেতন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং সত্য কথা বলার অকুতোভয় মানসিকতার জন্য তিনি এলাকায় সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব নাছিরউদ্দীন চৌধুরীর অতীব আস্থাভাজন ও নিকটজন হিসেবে দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
রাজনীতির মাঠে কিংবা যেকোনো জনসভায় তিনি ছিলেন এক অনবদ্য আকর্ষণ। সাধারণ মানুষের দৃষ্টিতে তিনি ছিলেন আটগাঁওয়ের রাজনীতির অন্যতম প্রধান ‘মঞ্চ কাঁপানো বক্তা’। চমৎকার বাচনভঙ্গি আর সম্মোহনী রাজনৈতিক দূরদর্শিতার কারণে তাঁর বক্তব্যের প্রতিটি ধাপে ধাপে হাজারো জনতার করতালিতে মুখরিত হয়ে উঠতো সভাস্থল। সাধারণ মানুষ অধীর আগ্রহে উন্মুখ হয়ে বসে থাকতো তাঁর বক্তব্য শোনার জন্য।
আসন্ন ১নং আটগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের সেবা করার তীব্র আকাঙ্ক্ষা ছিল তাঁর। তিনি স্বপ্ন দেখতেন নিজের মেধা, অভিজ্ঞতা ও ত্যাগ দিয়ে এলাকাকে এক সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করার। কিন্তু বিধাতার নির্মম বিধানে সেই স্বপ্ন আর পূরণ হলো না।
এক অত্যন্ত জনপ্রিয়, স্পষ্টভাষী ও সৎ অভিভাবককে হারিয়ে পুরো এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে শোকের মাতম। এই অপূরণীয় ক্ষতি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, স্বজন ও সাধারণ শুভাকাঙ্ক্ষীরা। তবে জীবনের এই অমোঘ সত্য—মৃত্যুকে মেনে নিয়ে মহান সৃষ্টিকর্তার দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তিকামনা করছেন সর্বস্তরের জনগণ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host