স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন ও হৃদরোগ প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরলেন বক্তারা
বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত: 10:49 PM, September 8, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন ও হৃদরোগ প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরলেন বক্তারা</span> <br/> বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:
আজ ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন জালালাবাদ রোটারী হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন। এতে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব জালালাবাদের ক্লাব প্রেসিডেন্ট লতিফা জাহাঙ্গীর, পিডিজি আতাউর রহমান, পিপি আলী আশরাফ চৌধুরী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, জুনেদ আহমদ, মনসুর আহমদ লস্কর, মোসলেহ উদ্দিনসহ রোটারি ক্লাবের সদস্যবৃন্দ।

এছাড়া হাসপাতালের চিকিৎসকদের মধ্যে সইদুর রহমান, মামুনুর রশিদ, ফিজিওথেরাপিস্ট, টেকনোলজিস্ট, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এবারের প্রতিপাদ্য হৃদরোগ ও স্ট্রোকের প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যক্রমের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, স্ট্রোক-পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। শুধু স্ট্রোক নয়, হৃদরোগ প্রতিরোধ, রোগীর শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা এবং দৈনন্দিন কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে ফিরে আসতেও ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা বলেন, স্ট্রোকের পর অনেক রোগী স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। শরীরের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যায় এবং দৈনন্দিন কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। নিয়মিত ও সঠিক ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে এসব রোগীর শারীরিক সক্ষমতা অনেকাংশে ফিরিয়ে আনা সম্ভব।

বক্তারা আরও বলেন, ফিজিওথেরাপি একজন রোগীকে ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রমে ফিরিয়ে আনতে সহায়তা করে এবং তার মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ও আশার সঞ্চার করে। বর্তমানে হৃদরোগ ও স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যু এবং দীর্ঘমেয়াদি অক্ষমতার অন্যতম প্রধান কারণ। নিয়মিত শারীরিক কার্যক্রম, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক ব্যায়ামের মাধ্যমে এসব রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তাই রোগ প্রতিরোধের পাশাপাশি রোগীদের শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং স্ট্রোক-পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপির কার্যকর ভূমিকার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

দিবসটি উপলক্ষে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর