ঢাকা |
প্রকাশিত: 3:30 PM, September 22, 2026
সুলেমান সিদ্দিকী, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তার দাবি, সাম্প্রতিক সময়ে মাদক ও চোরাচালান অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং এ সংক্রান্ত ঘটনায় মামলা ও গ্রেপ্তারও করা হয়েছে।
তিনি জানান, চলতি মাসে হাদারপার বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। এ সময় ২০টি ড্রেজার, ২০টি বাল্কি নৌকা ও বালুবাহী ৬টি নৌকা ধ্বংস করা হয়েছে। এছাড়া হাজীপুর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩০ জনকে আটক এবং ১৫টি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এসব অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।
বিছনাকান্দিতে জব্দ পাথর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানোর বিষয়ে ওসি বলেন, সম্প্রতি জব্দ করা পাথর সরকারি নিয়মে নিলাম হয়েছে। যারা নিলামে পাথর কিনেছেন, তারাই তা নিয়েছেন। বিষয়টি না বুঝে কেউ কেউ প্রশাসনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।
ওসি ওমর ফারুক মোড়ল বলেন, “জব্দ করা পাথর ছাড়া কোনো পাথর উত্তোলন বা পরিবহন করতে দেওয়া হচ্ছে না। পাথর পরিবহন নিষিদ্ধ থাকায় বিভিন্ন স্থানে চেকপোস্ট রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, বিছনাকান্দি ও হাদারপার এলাকায় জব্দ করা পাথর সরকারি নিয়মে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। একইভাবে জাফলং এলাকাতেও জব্দ করা পাথর নিলাম দেওয়া হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওসি ওমর ফারুক মোড়ল গোয়াইনঘাট থানায় যোগদানের পর মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে মাদক নিয়ন্ত্রণে সচেতনতা তৈরির কার্যক্রম চালানো হচ্ছে।
ওসি ওমর ফারুক বলেন, গোয়াইনঘাট একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদক ও চোরাচালান পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধেও নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host