সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

প্রকাশিত: 9:23 PM, September 23, 2026

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

বিজয়ের কন্ঠ ডেস্কঃ

নতুন জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পাশাপাশি অবসরভোগীদের পেনশনেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় চাকরিকাল অনুযায়ী পেনশনের হার ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

অর্থ বিভাগের জারি করা নতুন বিধান অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে।

চাকরিকাল অনুযায়ী পেনশনের হার হবে

  • ৫ বছর চাকরিতে: মূল বেতনের ২১ শতাংশ
  • ১০ বছর চাকরিতে: ৩৬ শতাংশ
  • ১৫ বছর চাকরিতে: ৫৪ শতাংশ
  • ২০ বছর চাকরিতে: ৭২ শতাংশ
  • ২১ বছর চাকরিতে: ৭৫ শতাংশ
  • ২২ বছর চাকরিতে: ৭৯ শতাংশ
  • ২৩ বছর চাকরিতে: ৮৩ শতাংশ
  • ২৪ বছর চাকরিতে: ৮৭ শতাংশ
  • ২৫ বছর বা তার বেশি চাকরিতে: সর্বোচ্চ ৯০ শতাংশ

অর্থাৎ, পাঁচ বছর চাকরি করলে সর্বশেষ আহরিত মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারিত হবে। চাকরিকাল ১০, ১৫ ও ২০ বছর পূর্ণ হলে পেনশনের হার যথাক্রমে ৩৬, ৫৪ ও ৭২ শতাংশে উন্নীত হবে। এরপর ২১ থেকে ২৪ বছর পর্যন্ত প্রতি বছর পেনশনের হার বাড়বে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালে সর্বোচ্চ ৯০ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে।

নতুন ব্যবস্থায় আনুতোষিকের হার পরিবর্তন করা হয়নি। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিকালে ২৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিকালে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিকালে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক নির্ধারিত রয়েছে।

নতুন পে স্কেলে পেনশনের বর্ধিত সুবিধাও ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। বিদ্যমান নিট পেনশন ২০ হাজার ১ টাকা বা তার বেশি হলে ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নতুন পেনশন বৃদ্ধির পার্থক্যের ৪০ শতাংশ দেওয়া হবে। আর ২০ হাজার টাকা বা তার কম হলে এই হার হবে ৫০ শতাংশ।

পরবর্তী ধাপে, ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পূর্ণ হারে নিট পেনশন দেওয়ার বিধান রাখা হয়েছে।

নতুন কাঠামোয় নিট পেনশনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা

অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই ২০২৬ থেকে নতুন আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের প্রাপ্য নিট পেনশন বকেয়া হিসেবে পাবেন।

সূত্র: যুগান্তর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর