ভালোবাসা দিবসে পর্যটকশূন্য সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে পর্যটকশূন্য সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র

আব্দুল শহীদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সিরাজ লেক, নিলাদ্রী-টেকেরঘাট, টাংগুয়া রামসার হাওর, সদর উপজেলার বাচ্চু নগর পিকনিক স্পট পর্যটন কেন্দ্র নিলাদ্রী বিশ্ব ভালোবাসা দিবসে সাধারণত পর্যটকের ভিড়ে মুখর থাকে। তবে ২০২৬-এ চিত্র ভিন্ন। দীর্ঘ ৫ কিলোমিটার জুড়ে নিস্তব্ধতা; পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এই দিনে প্রতি বছর ফাল্গুনের আবহ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় করেন নিলাদ্রী-টেকেরঘাট। কিন্তু চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় ১৫ দিন ধরে এলাকায় বিরাজ করছে স্থবিরতা। এর প্রভাব পড়েছে পর্যটন খাতে।
বাচ্চু নগর পিকনিক স্পট, শহীদ সিরাজ লেক, নিলাদ্রী ও টেকেরঘাটসংলগ্ন হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে কক্ষসংখ্যার তুলনায় অতিথির উপস্থিতি ছিল নগণ্য। অনেক প্রতিষ্ঠানে বুকিং বাতিল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন আর্থিক চাপে। পর্যটকনির্ভর এ অঞ্চলে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এমন মন্দা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
তবে সংখ্যায় কম হলেও যারা এসেছেন, তারা শিমুল বাগানে অবগাহন করে সময় কাটিয়েছেন। কেউ কেউ যাদুকাটা নদীতে খালি পায়ে হাঁটছেন, কেউবা আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। তুলনামূলক ফাঁকা পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন দর্শনার্থী।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে সিরাজ লেক, নিলাদ্রী এবং টেকেরঘাট।
বাচ্চু নগর পিকনিক স্পটের সত্ত্বাধিকারী সাবেক মেম্বার বাচ্চু মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর বাচ্চু নগর পিকনিক স্পটে পর্যটকের উপস্থিতি অনেক কম। আমার পার্কে শিশু কিশোরীদের বিনোদনের জন্য ব্যতিক্রম আয়োজন রয়েছে। কিন্তু পর্যটকের উপস্থিতি কম থাকায় আমি সহ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িরা লোকসান গুনতে হচ্ছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো রতন শেখ বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে সদর উপজেলার ডিসি পার্ক, বাচ্চু নগর পিকনিক স্পট, রিভার ভিউ, উপজেলা শিশু পার্ক, হ্যাপি ল্যান্ড পার্ক, ফ্লাওয়ার পার্কে আগত পর্যটকরা যাতে উৎসব মুখর পরিবেশে আনন্দ উপভোগ করতে পারে তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় সিভিল ও ইউনিফর্ম পরে পুলিশ কাজ করছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো আমিনুল হক বলেন, শিমুল বাগান, যাদুকাটা নদী, শহীদ সিরাজ লেক, নিলাদ্রী লেক, টেকেরঘাট, বারেকের টিলা পর্যটন স্পষ্ট গুলোতে যাতে নিরাপদে বিশ্ব ভালোবাসা দিবসে আগত পর্যটকরা উৎসব মুখর পরিবেশে আনন্দ উপভোগ করতে পারে সেদিকে আমাদের পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

সর্বশেষ ২৪ খবর