ঢাকা ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার গুয়াবাড়ি তারাপুর এলাকায় শ্রী শ্রী গৌর নিতাই মন্দির মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় মন্দিরের ঘরের কিছু অংশ, ধর্মীয় ছবি ও পূজার সামগ্রী পুড়ে গেছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি জানান, ভোরে কে বা কারা মন্দিরে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, পাশের একটি দোকানের লোক প্রথম ধোঁয়া দেখতে পেয়ে তাকে খবর দেন। এসে দেখেন পর্দাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।
তিনি জানান, আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, ভগবদ্গীতা এবং পূজার কাপড় ও পর্দা পুড়ে যায়। একটি পঞ্চতত্ত্বের ছবি তিনি কষ্ট করে উদ্ধার করতে পেরেছেন বলেও জানান। এ ঘটনায় কারও সঙ্গে কোনো বিরোধ বা ঝগড়া ছিল না বলেও দাবি করেন তিনি।
স্থানীয় মিলন ভৌমিজ বলেন, সকালে খবর পেয়ে এসে দেখেন মন্দিরের ভেতরের ধর্মীয় ছবি ও গীতা পুড়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তার ভাষায়, আজ মন্দির পুড়েছে, ভবিষ্যতে ঘরবাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
স্থানীয় রাজন রায় জগন্নাথ জানান, প্রায় ৩ থেকে ৪ বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বির আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্দিরে কারা আগুন দিয়েছে কিভাবে কি হয়েছে তা আমাদেরকে জিজ্ঞেস করেন কেন? এসব বিষয় জানতে হলে বাগানের ম্যানেজারকে ফোন দেন। সে ভালো বলতে পারবে। আমাদের জানা নেই।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host