ঢাকা ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ভারতফেরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে ঢাকায় নেমে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন কাউন্টারে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, মাহদী হাসানকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আটকও করা হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহদী বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাবো। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।
এরআগে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাইভে এসে মাহদী বলেন, ‘বাংলাদেশ, আই অ্যাম সেফ নাউ!’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
জানা যায়, ভারত সফরকালে দিল্লি বিমানবন্দরে অবস্থান করে তিনি লাইভ সম্প্রচারে নিজের নিরাপত্তার কথা জানান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সমর্থকদের উদ্দেশে উদ্বেগ প্রকাশ না করার আহ্বান জানান এবং পরিস্থিতি স্বাভাবিক আছে বলে উল্লেখ করেন। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ তার সফরের প্রেক্ষাপট সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’– এমন বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই তিনি জামিনে মুক্তি পান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি দেশ ছাড়েন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host