একনেকসহ তিন কমিটিতে খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

একনেকসহ তিন কমিটিতে খন্দকার মুক্তাদির

বিজয়ের কণ্ঠ ডেস্ক
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ও মন্ত্রিসভার দুটি গুরুত্বপূর্ণ কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সদস্য হয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকল্প চেয়ারম্যান হবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, খলিলুর রহমান, খন্দকার আব্দুল মুক্তাদির ও আসাদুজ্জামান। নির্দিষ্ট ক্ষেত্রে ১০০ কোটি এবং অন্য ক্ষেত্রে ৫০ কোটি টাকার বেশি ক্রয় প্রস্তাব এ কমিটিতে অনুমোদন নিতে হয়।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়কও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ কমিটিতেও সদস্য হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের আর্থিক ও অর্থনৈতিক নীতিসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয় এই কমিটি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর