ঢাকা ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
এবার সিলেটের খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান রসমেলা, কিউবিস্ট্রো, ফিজা ও টেস্টি ট্রিটকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।
জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জুয়েল উদ্দিন রসমাইল ও কিউ বিস্ট্রোর শিবগঞ্জ শাখাকে এই জরিমানা করেন। পরে তিনি জানান, রসমেলা প্রচলিত বাজার মূল্যের তুলনায় অতিরিক্ত দামে খাজুর বিক্রি করছিল। তাই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেই এবং তাৎক্ষনিক তা আদায়ও করি।
এরপর কিউ বিস্ট্রোর শিবগঞ্জ শাখায় মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা অর্থদন্ড ও তা আদায় করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানে সিলেট মহানগর পুলিশ ও র্যাব-৯ সার্বিক সহযোগিতা করে।
এদিকে সিলেটে নিরিহ রোজাদার গ্রাহকদের সঙ্গে অভিজাত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতারনা চলছেই। এবার মোটা অঙ্কের জরিমানা দিতে বাধ্য হয়েছে ফিজার সুবিদবাজার শাখা। অপরাধ, পোড়া তেল দিয়ে ইফতার তৈরি!
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এসময় সিলেট মহানগর পুলিশ ও র্যাব-৯ এর একদল সদস্য সহযোগিতা করে।
জানা গেছে, ভোক্তা অধিকার অধিদপ্তর খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে বুধবার সুবিদবাজার এলাকায় বিভিন্ন দোকান ও শো’রুমে অভিযান চালায়। এসময় সবাইকে মূল্য তালিকা প্রদর্শনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এসময় স্থানীয় কয়েকজন গ্রাহকের দেওয়া তথ্যে ভিত্তিতে ফিজার সুবিদবাজার শাখায় অভিযান চালিয়ে পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পান তারা। সাথে সাথে ফিজার ওই শাখাটিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ঘোষণা ও তাৎক্ষনিক তা আদায় করা হয়। গ্রাহক সেবায় এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
অপর দিকে জিলাপিতে ভেজাল থাকায় জরিমানা গুনতে হয়েছে টেস্টি ট্রিট আম্বরখানা শাখা। ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজ এ জরিমানা করেন। এসময় মূল্য তালিকা ঠিকমতো প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, টেস্টি ট্রিট আম্বরখানা শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, এবারের রজমানের শুরু থেকেই অভিজাত সব খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানের গুমর ফাঁস হচ্ছে। আভিজাত্যের আড়ালে তারা কখনো মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছেন। কখনোবা ভেজাল তেলে ইফতারির মতো পণ্য তৈরি করছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host