রামপাশা ইউনিয়ন খেলাফত মজলিসের ইফতার মাহফিল

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

রামপাশা ইউনিয়ন খেলাফত মজলিসের ইফতার মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে খেলাফত মজলিশ রামপাশা ইউনিয়ন শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে রামপাশা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুনতাসির আলী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১দল পরাজিত হয়নি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পরাজিত করা হয়েছে।যারা আজকে ক্ষমতায় গিয়েছেন তারা গণভোট মানেন না।তারা বলেছেন গনভোট সংবিধানে নেই অথচ দেশের শতকরা প্রায় ৭০ভাগ মানুষ গনভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে।যারা শতকরা ৭০ ভাগ মানুষের রায়কে অস্বীকার করে তারা বাংলাদেশকে অস্বীকার করে তারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করারও যোগ্যতা রাখেন না।গণতান্ত্রিক রায়কে তারা মেনে নেয় নি।তারা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাপোষণ করেন নি।এই রায়কে না মানা মানে তারা চায় না বাংলাদেশ সংস্কার হোক, সামনে অগ্রসর হোক।আমরা আগেও সংস্কারের পক্ষে ছিলাম, এখনো আছি।
তিনি আরও বলেন, একটি ভোট দেয়া মানে লড়াই শেষ নয় বরং লড়াই শুরু হলো।আমরা অব্যাহতভাবে দেশের জন্য, জনগণের জন্য লড়াই চালিয়ে যাব।হোক সেটা সংসদে বা স্থানীয় নির্বাচনে।এই রমজানে সত্যের পক্ষে এসে রাজনীতি করার আহবান করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, রামপাশা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল কাইয়ুম।
বক্তব্য রাখেন, উপজেলা খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, শ্রমিক নেতা ইদ্রিছ আলী ও তরুণ সংগঠক রেনু মিয়া।
ইফতার পূর্ব আলোচনায় বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে পবিত্র রমজান মাসে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
আরাফাত ইসলাম রাহি’র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন খেলাফত মজলিস নেতা হাফিজ শামসুল ইসলাম।
এ সময় উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২৪ খবর