যাতায়াতে চরম দুর্ভোগে ইছাকলসবাসী
কাদা আর ধুলোয় নাজেহাল পারকুল-সিলেট সড়ক

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>যাতায়াতে চরম দুর্ভোগে ইছাকলসবাসী</span> <br/> কাদা আর ধুলোয় নাজেহাল পারকুল-সিলেট সড়ক

সার্জান খাঁন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের মানুষের যাতায়াতের প্রধান ভরসা এখন চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যোগীরগাঁও থেকে পারকুল হয়ে সিলেটগামী গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের যোগীরগাঁও থেকে পারকুল পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বছরের পর বছর পেরিয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে উন্নয়নের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বাড়ছেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কজুড়ে হাঁটুসমান কাদা জমে থাকে। এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এমনকি পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। অন্যদিকে শুকনো মৌসুমে ধুলোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা অনেকদিন ধইরা এই কষ্ট করতাছি। বর্ষাকালে কাদার কারণে ঘর থেকে বের হওয়া যায় না। আবার শুকনো সময়ে ধুলার যন্ত্রণায় চোখ মেলে চলা যায় না। সিলেট যাওয়ার প্রধান রাস্তা হওয়া সত্ত্বেও কেউ আমাদের খোঁজ নিচ্ছে না।”
এ সড়কের বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন গর্ভবতী নারী, বৃদ্ধ ও জরুরি রোগীরা। সময়মতো হাসপাতালে পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ছোটখাটো দুর্ঘটনাও নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বলে জানান স্থানীয়রা।
যোগীরগাঁও থেকে পারকুল পর্যন্ত সড়কের এই দুর্দশা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বারবার দাবি জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর