কম অপরাধপ্রবণ নগরের তালিকায় শীর্ষে সিলেট

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

কম অপরাধপ্রবণ নগরের তালিকায় শীর্ষে সিলেট

নিজস্ব প্রতিবেদক
সবার উপরে সিলেট। মানে দেশ সেরা আমাদের এই প্রিয় নগর। বাংলাদেশের ৮টি মহানগরের মধ্যে নিরাপত্তা ও কম অপরাধপ্রবণ নগরের তালিকায় সবার উপরেই আছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম।
সোমবার (৬ এপ্রিল) সিলেট মহানগর পুলিশ কমিশনারের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শহরগুলোর নিরাপত্তা ও অপরাধ ইনডেক্স নিয়ে কাজ করে এমন একটি আন্তর্জাতিক ওয়েবসাইট নুবিওর অপরাধ ইনডেক্সে দেশের সবচেয়ে কম অপরাধপ্রবণ নগরের তালিকায় আছে সিলেট মহানগরে। আর এ কারণেই সবচেয়ে নিরাপদ নগরের তালিকায়ও সবার উপরে অবস্থান সিলেটের।
এ প্রসঙ্গে তিনি বলেন, সোমবার এ ওয়েসাইটের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট মহানগরের অপরাধ প্রবণতার মাত্রা ছিল দেশের মধ্যে সবচেয়ে কম, মাত্র ৩২ দশমিক ৭০ ভাগ। এর পরের অবস্থানে থাকা রংপুর মহানগীর চেয়েও তা প্রায় ১৬ শতাশ কম। ওইদিন রংপুরের অপরাধ প্রবণতার মাত্রা ছিল ৪৫ দশমিক ৫৯ শতাংশ।
এই ওয়েবসাইটের হিসাব অনুযায়ী দেশের সবচেয়ে বেশী অপরাধপ্রবণ নগরের হচ্ছে গাজীপুর, ৭১ দশমিক ৫১ শতাংশ। এরচেয়ে কম অপরাধ প্রবণ হচ্ছে যথাক্রমে চট্টগ্রাম (৬৪ দশমিক ২০ শতাংশ), খুলনা (৬২ দশমিক ৫০ শতাংশ), ঢাকা (৬২ দশমিক ৪২ শতাংশ), বরিশাল (৫৩ দশমিক ০৬ শতাংশ) ও রাজশাহী (৪৮ দশমিক ৬ শতাংশ)।
একই ওয়েবসাইটের সেফটি ইনডেক্স বা নিরাপত্তা সূচকেও দেশের অন্যসব নগরের উপরে অবস্থান করছিল সিলেট (৬৭ দশমিক ২০)। এরপরের অবস্থান ছিল যথাক্রমে রংপুর (৫৪ দশমিক ৪১), রাজশাহী (৫১ দশমিক ৩২), বরিশাল (৪৬ দশমিক ৩২), ঢাকা (৩৭ দশমিক ৫৮), খুলনা (৩৭ দশমিক ৫০) চট্টগ্রাম (৩৫ দশমিক ৮০) ও গাজীপুর (২৮ দশমিক ৪৯)।

এসময় তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদন্ডে কোনো নগরের নিরাপত্তা সূচক ৬০ এর উপরে থাকলে সেটিকে বিশ্বব্যাপী নিরাপদ নগরে হিসাবে গণ্য করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, গত সেপ্টেম্বরে যখন তিনি সিলেট মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন তখন এই সূচকে সিলেটের অবস্থান ছিল ৫৩ বা ৫৪ পয়েন্টের মতো যা আন্তর্জাতিক নিরাপত্তা সূচক অনুযায়ী অনিরাপদ নগর ছিল। সেখান থেকে আমাদের এই উন্নতি হয়েছে সবার আন্তরিক সহযোগীতা ও তৎপরতায়। কিন্তু ইদানিং কিছু ফেসবুক পেজ ও কিছু গণমাধ্যমে সিলেটকে অনিরাপদ নগর বলে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে যা মোটেও সঠিক বা সত্য নয়।
তিনি বলেন, ৪ এপ্রিল নগরের তালতলা ও তেমুখির দুটি ব্যক্তিগত মারামারির ঘটনাকে ছিনতাই বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে এবং এরপরই সিলেটের আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার জোরালো হয়। তিনি এ ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হয়ে যাচা-বাছাই এবং প্রয়োজনে পুলিশের বক্তব্য নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সিলেট মহানগর এলাকা থেকে মোট ২ হাজার ৬৬৭ জন অপরাধীকে আটক বা গ্রেফতার করা হয়েছিল যার মধ্যে ডাকাত ১৯, ছিনতাইকারী ৪৮ ও চোরের সংখ্যা ছিল ৯৫ জন । আর গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে গ্রেফতার করা হয়েছে মোট ৩ হাজার ৪৩ জনকে যাদের মধ্যে ডাকাত ২০. ছিনতাইকারী ১০৩ ও চোর ১০৪ জন।
তিনি অপপ্রচারে কান না দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিক সমাজসহ সচেতন সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

সর্বশেষ ২৪ খবর