সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফ
সরকার সিলেটের একাধিক বড় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফ</span> <br/> সরকার সিলেটের একাধিক বড় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক
সিলেট অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের সেবা সহজ করতে সিলেটে একটি ‘প্রবাসী ভবন’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) সকালে সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী সরাসরি সিলেটের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তদারকি করছেন। ফলে এসব প্রকল্প দ্রুত এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, ঢাকা–সিলেট মহাসড়ক উন্নয়ন, রেলপথ আধুনিকায়ন এবং বিমানবন্দর সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের সংখ্যা বেশি হওয়ায় সিলেটে একটি আধুনিক ‘প্রবাসী ভবন’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ভবনের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন সরকারি সেবা সহজে পেতে পারবেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান উন্নয়ন কার্যক্রমের ফলে সিলেটে দৃশ্যমান পরিবর্তন আসবে এবং অঞ্চলটি একটি আধুনিক ও প্রাণবন্ত শহরে পরিণত হবে।
শ্রম বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় সচল করতে সরকার কাজ করছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। শুধু মালয়েশিয়া নয়, সব দেশেই শ্রমবাজার নিয়ে কাজ শুরু করা হয়েছে। যাতে প্রবাসে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো যায়।
সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি ও সংকট প্রসঙ্গে তিনি বলেন, যেসব প্রবাসী মারা গেছেন তাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে তা নিরসনে কাজ চলছে। বিভিন্ন দেশ ও কোম্পানির সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যারা নিরাপত্তাজনিত কারণে ফিরতে চাইছেন না, তাদের নিরাপত্তায় সংশ্লিষ্ট দেশের মিশনগুলো কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর