হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ছুটি থেকে আর কর্মস্থলে ফেরা হল না সিলেট মহানগর পুলিশের সদস্য মো. আব্দুল ওয়াহিদের (৩৯)। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পাড়ি জমিয়েছেন জীবনের ওপারে।
শনিবার (১১ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে বিষয়টি জানায় সিলেট মহানগর পুলিশ। তারা শোক প্রকাশের পাশাপাশি জানায়, ১০ এপ্রিল রাত ১০টার দিকে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আব্দুল ওয়াহিদ (বিপি নং ৮৭০৭১২৪৩২৯) সুনামগঞ্জের জামালগঞ্জ থানার সাচনা এলাকার সোনাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি সিলেট মহানগর পুলিশের আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
গত ৬ এপ্রিল ৫ দিনের নৈমিত্তিক ছুটিতে নিজের বাড়ি গিয়েছিলেন ওয়াহিদ। এক ছেলে ও এক মেয়ের সঙ্গে ছুটি কাটিয়ে যখন কর্মস্থলে ফেরার মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখন বুকে ব্যাথা নিয়ে শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরের আখালিয়াস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসা শুরুর কিছু সময় পর রাত প্রায় ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ওয়াহিদ পুলিশে যোগ দিয়েছিলেন ২০০৭ সালে। বান্দরবান জেলা, ডিএমপি-ঢাকা হয়ে ২০১৪ সালে সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। তিনি ২০১৪ সাল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সাথে চাকরি করছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল আম্বরখানা পুলিশ ফাঁড়ি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর এবং তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গিয়েছেন।
এসএমপি কমিশনারের শোক
এদিকে কনস্টেবল আব্দুল ওয়াহিদের অকাল মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ও এসএমপি’র সকল সদস্য গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করছেন।
উল্লেখ্য, যে পরিবারের সদস্যদের অনুরোধে নিহত কনস্টেবল আব্দুল ওয়াহিদের লাশ রাতেই পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর