ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
কানাইঘাট সংবাদদাতা
সিলেটের কানাইঘাটে স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সোহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ভারতে পালানোর সময় মঙ্গলবার(২৮ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) গ্রেফতারকৃত সোহেল আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড ছিলাইরপাড় গ্রামের সোহেল আহমদ (৩৪) তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে তার স্ত্রী ফারহানা বেগমকে (৩২) ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ফারহানা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
ফারহানার মাথার পেছনে, বুকে ও গালে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর অভিযুক্ত সোহেল এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ভিকটিমের ভাই সেলিম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে কালীনগর বাগরা এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে।
উল্লেখ্য, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের সঙ্গে সোহেলের বিয়ে হয়। এরপর থেকেই ফারহানার ওপর নির্যাতনের অভিযোগ ছিল।
পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে দুইদিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে সোমবার (২৭ এপ্রিল) তিনি মামার বাড়ি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে অবস্থান করছিলেন। সেখান থেকে রাতে সোহেল আহমদ ও তার এক চাচাতো ভাই সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর গভীর রাতে তাকে হত্যা করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host