ঢাকা ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬
মীম সালমান
প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি পর্যায়ে বড় অঙ্কের অর্থ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোও আমিনুল ইসলাম। সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে ওসি লিখেন, “প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি পর্যায়ে বড় অঙ্কের অর্থ গন্তব্যে পৌঁছাতে অবশ্যই পুলিশের সহায়তা নিন। নিরাপদে বাড়ি যান, আমরা আপনাদের সঙ্গে আছি।”
তিনি উল্লেখ করেন, বর্তমানে বিভিন্ন সময়ে ব্যবসায়িক লেনদেন, ব্যাংক থেকে অর্থ উত্তোলন কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বড় অঙ্কের টাকা বহনের সময় ছিনতাই, চুরি ও নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের ঝুঁকি এড়াতে পুলিশের সহযোগিতা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
ওসি জানান, জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কানাইঘাট থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। কেউ বড় অঙ্কের অর্থ বহন করলে প্রয়োজনে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা সহায়তা নিতে পারবেন। জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, যাত্রাপথে কোনো সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানা কিংবা পুলিশের জরুরি সেবায় যোগাযোগ করতে হবে। সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই অপরাধ প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, ওসির এমন জনসচেতনতামূলক বার্তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host