কানাইঘাট থানা পুলিশের জোরদার মোবিলাইজেশন : বাড়ছে জননিরাপত্তা

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

কানাইঘাট থানা পুলিশের জোরদার মোবিলাইজেশন : বাড়ছে জননিরাপত্তা

কানাইঘাট প্রতিনিধি
সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি ড. জিল্লুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কানাইঘাট থানা পুলিশ ব্যাপক মোবিলাইজেশন, বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি জনমনে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একাধিক পুলিশ টিম গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা এবং সীমান্তসংলগ্ন বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালাচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে বসানো হয়েছে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট।
পুলিশের এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই, অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সূত্র জানায়, পুলিশ সপ্তাহকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় তৎপরতার কারণে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। বিশেষ করে রাতের বেলায় পুলিশের টহল সাধারণ মানুষের মধ্যে বাড়তি নিরাপত্তাবোধ তৈরি করেছে।
একাধিক বাসিন্দা জানান, “পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্টের কারণে এখন আগের চেয়ে অনেক বেশি স্বস্তিতে চলাফেরা করা যাচ্ছে।”
কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। একইসঙ্গে যেকোনো অপরাধ বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাতে জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।
ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, “জনসেবাই পুলিশের মূল অঙ্গীকার। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর