ঢাকা ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬
নাহিম মিয়া, কোম্পানীগঞ্জ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা-এর খাগাইল ও গৌরীনগর গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ফের উত্তেজনা, সংঘর্ষ ও বাড়ি-ঘরে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টা থেকে খাগাইল ও গৌরীনগর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন গৌরীনগর গ্রামের আকরম আলীর ছেলে আবুল হোসেন (৪০)। তিনি পেশায় ট্রাকচালক।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের ধোপাগুল এলাকা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেনের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ জানিয়েছে, তিনি এখনও ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুজব ছড়িয়ে পড়ার পর খাগাইল গ্রামের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, অন্তত ১২টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২২টি গরু লুট করা হয়েছে। এতে আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অধিকাংশ পুরুষ সদস্য প্রবাসে রয়েছেন বলেও জানা গেছে।
ক্ষতিগ্রস্ত জুমেরা বেগম অভিযোগ করে বলেন, তাদের ঘর থেকে ১ ভরি স্বর্ণ, কোরবানির জন্য রাখা ৮০ হাজার টাকা এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুট করা হয়েছে। এছাড়া তার ভাইয়ের ঘর থেকে প্রায় ৯০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ব্যবসায়ী আব্দুল মুত্তালিবের মেয়ে জেনি বলেন, তিনি গরুর ব্যবসার সঙ্গে জড়িত। তার ৫টি গরু, ৩ ভরি স্বর্ণ, ১ লাখ টাকা এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র লুট ও ভাঙচুর করা হয়েছে।
অপরদিকে আব্দুল হাকিমের স্ত্রী বেদানা বেগম অভিযোগ করেন, তাদের ৮টি গরু ও ১ লাখ টাকা লুট করা হয়েছে। এছাড়া তার প্রবাসী দেবর আব্দুল আহাদের ঘর থেকে ২ ভরি স্বর্ণ নিয়ে গেছে হামলাকারীরা।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host