প্রকাশিত: 6:29 PM, June 10, 2026

কানাইঘাটের এসআই সৈলেশ দাস সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

মীম সালমান ; সিলেট জেলা পুলিশের মে-২০২৬ মাসের মূল্যায়নে কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সৈলেশ দাস জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। গতিশীল পুলিশি কার্যক্রম, গণমুখী সেবা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসআই সৈলেশ দাসের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, মে মাসে এসআই সৈলেশ দাস কানাইঘাট থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, চোরাচালান প্রতিরোধ ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। একইসাথে বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন ও পুলিশি সেবা সহজীকরণে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় এসআই সৈলেশ দাস বলেন, “এই প্রাপ্তি আমার একার নয়। পুলিশ সুপার স্যারের নির্দেশনা, কানাইঘাট থানার ওসি স্যারের নেতৃত্ব এবং আমার সহকর্মীদের আন্তরিক সহযোগিতার ফল। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতেও আমি সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব।”

এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভালো কাজের স্বীকৃতি দিলে পুলিশ সদস্যদের মনোবল বাড়ে। এসআই সৈলেশ দাস পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। আমরা চাই প্রতিটি থানায় সৈলেশ দাসের মতো চৌকস অফিসার তৈরি হোক।”

উল্লেখ্য, সিলেট জেলা পুলিশ প্রতি মাসে মাঠ পর্যায়ের কার্যক্রম মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করে থাকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর