ঢাকা |
প্রকাশিত: 1:07 AM, July 2, 2026
ওসমানীনগর প্রতিনিধি :
মোঃ আব্দুর রকিব আনঙ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, “জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় ওসমানীনগরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা হবে এবং শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”
বুধবার সিলেট সফরকালে ওসমানীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উপকারভোগীদের মধ্যে সরকারি নগদ অর্থ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হুমায়ুন কবির। পরে তিনি ওসমানীনগর উপজেলা সফর শুরু করেন।
প্রথমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র উপকারভোগীদের মধ্যে সরকারি নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের উন্নয়নের সুফল দেশের প্রতিটি অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে এবং ওসমানীনগরের উন্নয়নও সেই ধারাবাহিকতার অংশ।
পরে তিনি উমরপুর ইউনিয়নের লামা ইসবপুর গ্রামে আলাউর রহমান শান্তের বাড়ি সংলগ্ন সিসি ঢালাই সড়কের উদ্বোধন করেন। এরপর হাজী আব্দু মিয়া কলেজ (মোল্লাপাড়া) প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে অংশ নিয়ে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। টেকসই উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি আরও বিস্তৃত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সফরকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুধীজন ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, বৃহত্তর বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সৈয়দ এনায়েত, শাহ জাহাঙ্গীর, কামাল আহমদ পারভেজ, সেলিম আহমদ, উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল রউফ, সৈয়দ বাবুল মিয়া, আলাউর রহমান শান্ত, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জয়নাল মিয়া, এনাম পীর, মানিক মিয়া, তোফায়েল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে ওসমানীনগরের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host