পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: এমপি তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত: 12:14 AM, July 4, 2026

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: এমপি তাহসিনা রুশদীর লুনা

মোঃ আব্দুর রকিব আনু ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জাতীয় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও সচেতন হতে হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ওসমানীনগর উপজেলায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় এসওএস শিশু পল্লীতে, দুপুর ২টায় ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিকেল ৩টায় উপজেলা অফিসপাড়ায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ এবং রোপিত গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, হাইব্রিড মরিচ, উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ, লেবুর চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবাব মিয়া এবং গীতা পাঠ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পল্লব ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমুল আহসান, এসওএস শিশু পল্লীর সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আটটি ইউনিয়নের কৃষক এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তি ও সরকারি প্রণোদনার কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা কৃষিকে আরও সমৃদ্ধ ও লাভজনক করতে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর