সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ও আরসিসি ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প চলছে

প্রকাশিত: 10:11 PM, July 13, 2026

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ও আরসিসি ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক  নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প চলছে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ছাড়া একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। নগরবাসীকে জলাবদ্ধতা, পরিবেশদূষণ ও বর্জ্যজনিত দুর্ভোগ থেকে মুক্তি দিতে সিলেট সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং আখালিয়া নতুনবাজার থেকে ডলিয়া পয়েন্ট পর্যন্ত সড়কের উভয় পাশে আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, এসটিএস নির্মাণের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থা আরও আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর হবে। একই সঙ্গে নতুন ড্রেন নির্মাণের ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কাজের মূল লক্ষ্য হলো নাগরিকদের জীবনমান উন্নয়ন। তাই প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরপর তিনি সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে সিসিকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। একই দিন তিনি ৩ ও ৯ ও ১৭ নম্বর ওয়ার্ডের মক্তবগলির বিভিন্ন রাস্তা ও ছড়া পরিদর্শন করে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চলমান উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শনকালে সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সবুর আহমেদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু, যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সালেহ আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, রাজুসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর