ঢাকা |
প্রকাশিত: 4:35 PM, September 2, 2026
নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে থাকা একমাত্র রেস্টুরেন্টের খাবারের মান, পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠেছে। হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা, কর্মীদের অসহযোগিতামূলক আচরণ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাবারের তুলনায় অতিরিক্ত মূল্য নেওয়াসহ নানা সমস্যায় ভোগান্তিতে পড়ছেন তারা।
গত প্রায় ৮-৯ দিন ধরে হাসপাতালে একজন রোগীর সঙ্গে অবস্থানকালে সরেজমিনে এমন অভিজ্ঞতার কথা জানান এই প্রতিবেদক। হাসপাতাল চত্বরে খাবারের জন্য মূলত এই একটি রেস্টুরেন্টের ওপর নির্ভর করতে হয় রোগীর স্বজন, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট অনেককে।
অভিযোগ রয়েছে, রেস্টুরেন্টে খাবার গ্রহণ করতে গেলে অনেক সময় দীর্ঘক্ষণ বসে অপেক্ষা করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে অর্ডার নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীকেও খুঁজে পাওয়া যায় না। প্রতিবেদকের অভিজ্ঞতায়, কয়েকবার খাবারের জন্য ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
এছাড়া কর্মীদের আচরণ নিয়েও অভিযোগ রয়েছে। খাবার সম্পর্কে জানতে চাইলে অনেক সময় সন্তোষজনকভাবে উত্তর দেওয়া হয় না বলে অভিযোগ করেন উপস্থিত কয়েকজন। এক ব্যক্তিকে খাবার সম্পর্কে প্রশ্ন করার সময় দায়িত্বপ্রাপ্ত একজনের উত্তর ও আচরণকে অসৌজন্যমূলক বলে মনে হয়েছে বলে প্রত্যক্ষ অভিজ্ঞতায় উঠে আসে।
রেস্টুরেন্টটির ভেতরের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার অভাব রয়েছে এবং মাঝে মাঝে দুর্গন্ধও অনুভূত হয়। খাবারের স্বাদ ও মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। অভিযোগ রয়েছে, খাবারের মান প্রত্যাশার তুলনায় খারাপ হলেও এর দাম তুলনামূলক বেশি।
হাসপাতালটিতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর স্বজনদের পাশাপাশি চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরাও খাবারের জন্য এই রেস্টুরেন্ট ব্যবহার করেন। ফলে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকা একমাত্র খাবারের প্রতিষ্ঠানে এমন ব্যবস্থাপনা রোগী ও স্বজনদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগীদের প্রশ্ন, একটি বড় চিকিৎসাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে পরিচালিত রেস্টুরেন্টের খাবারের মান, পরিচ্ছন্নতা, মূল্য এবং সেবার বিষয়গুলো নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে কি না।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নজরদারি বাড়িয়ে রেস্টুরেন্টের সেবার মান, পরিচ্ছন্নতা, কর্মীদের আচরণ এবং খাবারের মূল্য ও গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host