শাল্লায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: 11:01 PM, October 6, 2026

শাল্লায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে শাল্লা উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, নিত্যানন্দ দাস নিতাই ও কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান। এছাড়া উপজেলা শিক্ষা অফিসার পরিমল ঘোষ, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ এবং স্থানীয় শিক্ষকরা সভায় বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, একটি জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। সেই শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, পেশাগত দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষাদানের মর্যাদা রক্ষা, মানসম্মত শিক্ষাব্যবস্থা চালু এবং একটি দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে বক্তারা তাঁদের যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর