ঢাকা ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ঢাকার একটি আদালত গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আরেকজনকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্বারা দাখিল করা চার্জশিট গ্রহণের পর এ পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অপর আসামি হলেন রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।
আদালত পরবর্তী তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৮ মার্চের দিন ধার্য করেছেন। এ খবরটি দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি পুরোনো, বর্তমানে ১১৩, ১১বি নতুন, রোড নং ৭১) দখল ও পরে রেজিস্ট্রি করেছেন।
গত বছরের ১৫ এপ্রিল দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছিল। পরে চলতি বছরের জুলাইয়ে শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে তার তদন্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়।
পরবর্তীতে দুদক ১১ ডিসেম্বর দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
এদিকে দুর্নীতির মামলায় লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যের কাছে প্রত্যর্পণের আবেদন জানাবে বাংলাদেশের নবনির্বাচিত সরকার।
প্রধানমন্ত্রী-মনোনীত তারেক রহমানের ঘনিষ্ঠ এক শীর্ষ সহযোগীর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকে এমন সংবাদ প্রকাশ করে।
তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পরপরই টিউলিপসহ সেখানে অবস্থানরত ‘দণ্ডিত অপরাধীদের’ প্রত্যর্পণের জন্য ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক তালিকা ও আবেদন জমা দেওয়া হবে।
সম্প্রতি ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দি ইনডিপেনডেন্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হুমায়ুন কবির নতুন সরকারের এই কূটনৈতিক পরিকল্পনার কথা জানান।
সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, ‘তারা (হাসিনা ও টিউলিপ) দুজনেই এখন বাংলাদেশের আদালতের রায়ে দণ্ডিত অপরাধী। আমাদের বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে তাঁদের অনুসরণ করছে এবং আমরা এই ন্যায়বিচার নিশ্চিত করতে পিছু হটব না।’
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বর্তমানে কোনো সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই। তবে হুমায়ুন কবির এই সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে বলেন, ‘যদি আমরা অবৈধ অভিবাসন রোধে যুক্তরাজ্যের একটি শক্তিশালী অংশীদার হতে পারি, তবে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরার ক্ষেত্রে যুক্তরাজ্য কেন ভিন্ন আচরণ করবে? দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থেই অপরাধীদের ফেরত দেওয়া উচিত।’
উল্লেখ্য, শেখ হাসিনাকে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন।
অন্যদিকে, হ্যাম্পস্টেড ও হাইগেটের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ঢাকার একটি জমি ক্রয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে আদালত চার বছরের কারাদণ্ড দিয়েছেন। যদিও টিউলিপ এই বিচারকে ‘মিডিয়া ট্রায়াল’ ও ‘ক্যাঙারু কোর্ট’ হিসেবে অভিহিত করেছেন।
হুমায়ুন কবির ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, ‘যুক্তরাজ্য সরকারকে অপরাধীদের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের জন্য একটি ‘বিব্রতকর বিষয়’। আমরা আশা করি, ব্রিটিশ সরকার সেসব আওয়ামী লীগ ‘সন্ত্রাসী’ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, যারা লন্ডনে বসে অর্থ পাচার ও বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। আমরা খুব শিগগির এমন অপরাধীদের একটি পূর্ণাঙ্গ তালিকা ব্রিটিশ সরকারের হাতে তুলে দেব।’
হুমায়ুন কবির আরও যোগ করেন, ‘আমরা তাদের বাংলাদেশে ফেরত চাই। প্রত্যর্পণের ক্ষেত্রে আমরা চাই, যুক্তরাজ্য সরকার এই অপরাধীদের চিহ্নিত করুক।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host