কোম্পানীগঞ্জে মন্দিরের হিসাব নিয়ে বিরোধ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
যুবলীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈলেনের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন

প্রকাশিত: 7:14 PM, November 26, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>কোম্পানীগঞ্জে মন্দিরের হিসাব নিয়ে বিরোধ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ</span> <br/> যুবলীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈলেনের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের কোম্পানীগঞ্জে মন্দিরের জমি লিজের টাকা ও হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি এবং মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৈলেন চন্দ্র নাথসহ ১০ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃপা সিন্ধু দেবনাথ (৪৩) নামে এক ব্যক্তি। অভিযোগে আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন— সৈলেন চন্দ্র নাথ (৪৮), বিনোদ নাথ (৫২), বিমল নাথ (৫০), সুমন্ত মোহন্ত (৪০), রাজিব মোহন্ত (২৭), সুকেলন মোহন্ত (৪৫), সত্য দেবনাথ (২৮), অজিত দেবনাথ (২৮), মিন্টু লাল মোহন্ত (৩৫) ও বিকাশ দেবনাথ (৩০)। অভিযোগপত্রে সৈলেন চন্দ্র নাথকে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরেজমিনে আরও যেসব তথ্য উঠে এসেছে
এদিকে সরেজমিন অনুসন্ধানে ১ নম্বর বিবাদী সৈলেন চন্দ্র নাথকে ঘিরে আরও কিছু তথ্য ও প্রশ্ন সামনে এসেছে। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি ২০১৩ সালে জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
প্রাপ্ত তথ্য ও স্থানীয় সূত্রের দাবি, সৈলেন চন্দ্র নাথ ২০১৩ সালের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ২০১৭ সালের আহ্বায়ক কমিটির ৪ নম্বর সদস্য হিসেবে আছেন । একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনের পদে থাকার বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জনমনে প্রশ্ন উঠেছে, সরকারি চাকরিতে নিয়োজিত একজন শিক্ষক কীভাবে দীর্ঘদিন রাজনৈতিক সংগঠনের পদ-পদবিতে সম্পৃক্ত আছেন? তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ অবগত ছিল কি না এবং সরকারি চাকরির বিধিবিধানের আলোকে বিষয়টি যাচাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী কৃপা সিন্ধু দেবনাথ কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের সাতহাল গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মন্দিরের জমি লিজের টাকা ও হিসাব-নিকাশ নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। মন্দিরের আর্থিক হিসাব বুঝে নিতে চাইলে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের একজনের বাড়িতে যান। সেখানে হিসাব-নিকাশের বিষয়ে কথা বলার একপর্যায়ে অভিযুক্তরা আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তাঁর ব্যবহৃত একটি রেডমি স্মার্টফোন, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, জোরপূর্বক সৈলেন চন্দ্র নাথ ছিনিয়ে নেন এবং তাঁর মালিকানাধীন ১২৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা, আটকে রাখা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে তিনি কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। নিজের নিরাপত্তা নিশ্চিত করা, মালামাল উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এ ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বক্তব্য গ্রহণ এবং সৈলেন চন্দ্র নাথের রাজনৈতিক পদ-পদবি ও সরকারি চাকরির বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের মাধ্যমে যাচাই করার দাবি উঠেছে।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর