ঢাকা |
প্রকাশিত: 9:51 PM, November 28, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জঃ
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণের পূর্বপ্রস্তুতি হিসেবে সার্ভের কাজ এখনো অর্ধেকও শেষ হয়নি। বাঁধ নির্মাণ কার্যক্রম অনুমোদনের সাথে যুক্ত জেলা ও উপজেলা কমিটি (কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন) গঠনে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জেলা প্রশাসনকে দুটি চিঠি দিলেও এখন পর্যন্ত কমিটি গঠনের কোনো অগ্রগতি নেই।
ফলে প্রকল্প গ্রহণে গণশুনানি ও অনুমোদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হাওর আন্দোলনের নেতারা। তাঁদের আশঙ্কা, সব কাজে দেরি হলে শেষ দিকে তাড়াহুড়ো করে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ও অনুমোদন দেওয়া হতে পারে, যা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি করবে।
সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগেই হাওর থেকে পানি নেমে যাওয়ায় বাঁধ নির্মাণের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সার্ভের কাজ শুরু হয়, যার ওপর ভিত্তি করেই মূলত প্রকল্প গ্রহণ করা হয়। সাধারণত অন্যান্য বছর এ সময়ের মধ্যে সার্ভে শেষ হয়ে গেলেও এবার এখনো অর্ধেক কাজও শেষ হয়নি। পাউবোর আইডব্লিউএম, টাস্কফোর্স এবং স্থানীয় একটি টিমসহ মোট ২৮টি টিম সার্ভের কাজে যুক্ত রয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ১১০ কিলোমিটার বাঁধের মধ্যে মাত্র ৫২৯ কিলোমিটার (প্রায় ৪৯ শতাংশ) সার্ভে সম্পন্ন হয়েছে; বাকি আছে আরও ৫১ শতাংশ কাজ।
অন্যদিকে, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে জেলা ও উপজেলা কমিটি গঠনের তাগিদ দিয়ে পাউবো গত ২৫ অক্টোবর প্রথম এবং ৯ নভেম্বর দ্বিতীয় চিঠি পাঠায়। কিন্তু এখনো কমিটি চূড়ান্ত না হওয়ায় পিআইসি গঠন ও অনুমোদনে বিলম্বের শঙ্কা দেখা দিয়েছে।
পাউবো সূত্রে আরও জানা গেছে, এ বছর হাওরের বাঁধ নির্মাণে ৯২ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে ২৮ কোটি টাকার প্রাথমিক বরাদ্দ মন্ত্রণালয় অনুমোদন দিলেও এখনো তা ছাড় হয়নি।
হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাসেল বলেন, এক মাস আগেই হাওর থেকে পানি নেমে গেছে। এই সময়ের মধ্যে সার্ভে এবং জেলা ও উপজেলা কমিটি গঠনের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এতে পিআইসি গঠন ও অনুমোদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সময়মতো কাজ শুরু ও শেষ না হলে বাঁধ টেকসই হবে না এবং তড়িঘড়ি করে পিআইসি গঠনে দুর্নীতির আশঙ্কা থাকবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান জানান, জেলা কমিটি গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। দ্রুতই কমিটি চূড়ান্ত করে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করা হবে।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ সার্ভে শেষ হয়েছে। কমিটি গঠনের জন্য দুটি চিঠি দেওয়া হলেও এখনো কমিটি হয়নি, ফলে পিআইসি গঠন ও অনুমোদন দেওয়া যাচ্ছে না। তবে চলতি সপ্তাহের মধ্যেই কমিটি চূড়ান্ত হবে এবং এর আগেই সার্ভের কাজ শেষ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপজেলায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসও) না থাকায় কাজে কিছুটা ধীরগতি রয়েছে জানিয়ে তিনি বলেন, নানা সীমাবদ্ধতা ও চাপের মধ্যেই পাউবোকে কারিগরি কাজ চালিয়ে যেতে হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host