ঢাকা |
প্রকাশিত: 6:47 PM, November 27, 2026
সুলেমান সিদ্দিকী , গোয়াইনঘাট (সিলেট)ঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা এক নারীকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে পাশের আরেকটি ক্লিনিকের পরিচালক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ধারালো রামদার আঘাতে ওই নারীর বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার কয়েক ঘণ্টা পর তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারে অবস্থিত মায়ের হাসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মায়ের হাসি ক্লিনিকের পরিচালক গিয়াস উদ্দিন একই এলাকার সালেহা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সালেহা বেগম (৪০), তাঁর দুই ছেলে মারুফ আহমদ (২৫) ও মাসুম আহমেদ (২২)-এর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর নরমাল ডেলিভারির উদ্দেশ্যে রুজিনা বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী মায়ের হাসি ক্লিনিকে ভর্তি হন। পরদিন সকালে চিকিৎসকের পরামর্শে হাঁটাহাঁটি করতে ক্লিনিকের সামনের রাস্তায় বের হলে পাশের সালেহা ক্লিনিকের পরিচালক সালেহা বেগম তাঁকে নিজেদের ক্লিনিকে ভর্তি হওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে সালেহা বেগম মায়ের হাসি ক্লিনিকের ভেতরে প্রবেশ করে ওই রোগী ও তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাঁর নির্দেশে দুই ছেলে মারুফ ও মাসুমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে হামলা চালান। এ সময় মারুফ আহমদ ধারালো রামদা দিয়ে অন্তঃসত্ত্বা রুজিনা বেগমের মাথা লক্ষ্য করে কোপ দেন। তিনি আত্মরক্ষার্থে বাম হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তাঁর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ক্লিনিকের পরিচালক গিয়াস উদ্দিন এগিয়ে এলে তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ক্লিনিকের জানালার গ্লাস ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন গিয়াস উদ্দিন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে রুজিনা বেগম একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও সালেহা ক্লিনিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার কথা এলাকায় আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের বিস্তারিত তথ্য ও সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় অভিযুক্ত সালেহা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সালেহা ক্লিনিকে যান। এ সময় সালেহা বেগমের স্বামী তাঁর স্ত্রীর বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি সংবাদকর্মীদের সঙ্গে উত্তেজিত আচরণ করে বলেন, ‘আপনাদের যা করার করে ফেলেন। এ বিষয়ে আমার স্ত্রী কোনো বক্তব্য দিতে পারবেন না।’
এ সময় সালেহা বেগমের এক ছেলেও উত্তেজিত হয়ে সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। দীর্ঘ চেষ্টা করেও অভিযুক্ত সালেহা বেগমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় নিজের ক্লিনিক ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী গিয়াস উদ্দিন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host