ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
বিজয়ের কণ্ঠ ডেস্ক
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটা (নির্বাচন) নিয়ে আমি কথা বলতে পারি না। কারণ এ বিষয়ে জাতিসংঘের কোনো ম্যান্ডেট (অনুশাসন বা আদেশ) নেই। এটি সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশ সরকারের বিষয়। সিকিউরিটি কাউন্সিলের কাছ থেকে আদেশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার নেই।
গোয়েন লুইস বলেন, সম্প্রতি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে কিছু মানুষের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। এটি উদ্বেগের। এখানে যেন কোনো রাজনৈতিক সংঘর্ষ না ঘটে সেজন্য আমরা সবার প্রতি আহ্বান জানাই। যেকোনো সংকট উত্তরণে আলোচনা বা ডায়ালগের কোনো বিকল্প নেই। রাজনৈতিক বিষয়গুলো ডায়ালগের মাধ্যমে সমাধান করা যেতে পারে।
এসময় আরও বক্তব্য রাখেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)-এর সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host