নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি চমৎকার : আইজিপি

প্রকাশিত: 1:15 PM, December 20, 2018

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি চমৎকার : আইজিপি

ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি বিগত যেকোনো সময়ের চেয়ে উত্তম ও চমৎকার বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেছেন, নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সেরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করে পুলিশের একটি প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, আমরা মূলত নির্বাচন উপলক্ষে আমাদের পরিকল্পনা, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি। আমাদের সর্বশেষ অবস্থা, পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের নিজস্ব পরিকল্পনার কথা কমিশনের সাথে বিনিময় করেছি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ নিয়মিত বৈঠকের অংশ।

পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই, বিএনপি ও ঐক্যফ্রন্টের এমন অভিযোগ অবাস্তব বলে দাবি করেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, শুধু পুলিশ নয়, সমস্ত প্রশাসনই এখন কমিশনের নিয়ন্ত্রণে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে ঢালাও যে অভিযোগ, এরকম কিছু আমাদের কাছে নেই।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি আইজিপি।

পুলিশের প্রতিনিধিদলে আরো ছিলেন- অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর