ঢাকা ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডারের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় কৈলাশটিলা এলপি প্ল্যান্ট চালু থাকলেও সাধারণ গ্রাহক পর্যায়ে সরাসরি কোনো সরবরাহ না থাকায় বাজারে বিভিন্ন কোম্পানির এলপিজি সিলিন্ডার ১৭৫০ থেকে ১৯০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
স্থানীয়দের অভিযোগ, প্ল্যান্ট চালু থাকলেও একটি সিন্ডিকেটের মাধ্যমে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। ওই চক্র প্ল্যান্ট থেকে সিলিন্ডার সংগ্রহ করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছে, আর ব্যবসায়ীরা তা অধিক দামে বিক্রি করছেন। ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।
একাধিক ভোক্তা জানান, আগে আমরা প্ল্যান্ট থেকে সপ্তাহে প্রায় ১২০০ টাকায় দুইটি সিলিন্ডার পেতাম। এখন একটি সিলিন্ডার কিনতেই ১৩০০ থেকে ১৫০০ টাকা খরচ হচ্ছে। এভাবে চললে আমাদের জন্য রান্না করা কঠিন হয়ে যাবে।
এদিকে, বুধবার সকালে প্ল্যান্টের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা দাবি জানান, আগের মতো সরাসরি গ্রাহকদের কাছে সরকারি দামে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয় বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শুধু প্ল্যান্টের গ্যাস নয়, বাজারে থাকা বিভিন্ন কোম্পানির ১২ কেজির এলপিজি সিলিন্ডারও বর্তমানে ১৭৫০ থেকে ১৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।
জানা যায়, একসময় উপজেলার সাধারণ মানুষ সরাসরি প্ল্যান্ট থেকে স্বল্পমূল্যে গ্যাস সিলিন্ডার পেতেন। কিন্তু হঠাৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেলে সেই সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২৪ সালে প্ল্যান্ট পুনরায় চালু হলেও এখন পর্যন্ত সাধারণ গ্রাহকদের জন্য সরাসরি সরবরাহ চালু হয়নি।
এছাড়া গ্যাস লাইন সংযোগের প্রতিশ্রুতি নিয়েও ক্ষোভ বিরাজ করছে। উপজেলার কয়েক হাজার পরিবার গ্যাস সংযোগের জন্য আবেদন ও ফি জমা দিলেও দীর্ঘদিনেও কোনো অগ্রগতি হয়নি। ভুক্তভোগীরা বলেন, “আমরা সরকারি নিয়ম মেনে আবেদন ও টাকা জমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সংযোগ পাইনি, এমনকি টাকারও কোনো হিসাব নেই।দ
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের নজরদারির অভাবে একটি সিন্ডিকেট এলপিজি বাজার নিয়ন্ত্রণ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
গোলাপগঞ্জে সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট নিরসনে নবনির্বাচিত সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা কৈলাশটিলা এলপি প্ল্যান্ট থেকে সরাসরি সাধারণ গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, বাজার মনিটরিং জোরদার করা এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এছাড়া পূর্বে গ্যাস সংযোগের জন্য জমা দেওয়া আবেদন ও ফি’র স্বচ্ছ হিসাব প্রকাশ এবং দ্রুত সংযোগ প্রদান নিশ্চিত করার দাবিও উঠেছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, কয়েকটি গ্যাসক্ষেত্রের পাসে বসবাস করেও ন্যায্যমূল্যে জ্বালানি না পাওয়া শুধু অব্যবস্থাপনা নয়, এটি বড় ধরনের বৈষম্যের উদাহরণ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host