মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলেন শুভেন্দু

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলেন শুভেন্দু

বিজয়ের কণ্ঠ ডেস্ক
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সদ্য গঠিত নতুন সরকার একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। সব সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার পর এবার রাজ্যের প্রতিটি অনুমোদিত মাদ্রাসাতেও এই নিয়ম সম্প্রসারিত করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সব মাদ্রাসার দৈনিক কার্যসূচিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছেন।

মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেটের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে এই সংক্রান্ত পূর্ববর্তী সব নিয়ম ও অনুশীলন বাতিল করা হয়েছে। এই নতুন নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা সরকারি মডেল মাদ্রাসা (ইংরেজি মাধ্যম), অনুমোদিত অনুদানপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত মাদ্রাসা শিক্ষাকেন্দ্র, শিশু শিক্ষাকেন্দ্র এবং অনুমোদিত অনুদানহীন মাদ্রাসার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে।

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী ক্ষুদিরাম টুডু এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঁওতালি ভাষার স্কুলসহ অন্যান্য সরকারি স্কুলে যখন ‘বন্দে মাতরম’ ইতোমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে, তখন অনুমোদিত মাদ্রাসাগুলোতে এটি বাধ্যতামূলক না করার কোনও কারণ থাকতে পারে না।

এর আগে গত ১৩ মে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে সব সরকারি স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত ১৪ মে তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই বিজ্ঞপ্তিটি শেয়ারও করেন।

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা প্রদান করে।

পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্যের রাজ্যসংগীত হিসেবে চালু করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ এখন সেই তালিকায় যুক্ত হয়েছে। ফলে স্কুলের প্রাত্যহিক সমাবেশের সীমিত সময়ের মধ্যে জাতীয় সংগীত ও জাতীয় স্তোত্র গাইতে হবে শিক্ষার্থীদের।

সূত্র: ইন্ডিয়া টিভি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর