ঢাকা ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে সরকারি বিভিন্ন দপ্তরের আর্থিক সহায়তার চেক, যুব ঋণ, ঢেউটিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জকিগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও সরকারি কল্যাণমূলক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমি মূলত দুটি বিশেষ কারণে জকিগঞ্জকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রথমত, জকিগঞ্জ সিলেট জেলার সবচেয়ে দূরবর্তী ভৌগোলিক এলাকা। দ্বিতীয়ত, এটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও আলেম-উলামা অধ্যুষিত একটি পুণ্যভূমি।”
জকিগঞ্জের প্রতি জেলা প্রশাসনের বিশেষ আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, “যে কন্যাসন্তানকে দূরবর্তী অঞ্চলে বিয়ে দেওয়া হয়, বাপের বাড়ির মানুষের মনে তার প্রতি যেমন একটি অন্যরকম গভীর টান ও ভালোবাসা কাজ করে, ঠিক তেমনি জকিগঞ্জের প্রতিও জেলা প্রশাসনের ভালোবাসা ও বিশেষ মনোযোগ রয়েছে।”
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করে ডিসি সারওয়ার আলম বলেন, “আমরা কওমি মাদ্রাসার ছাত্রদের আধুনিক শিক্ষায় দীক্ষিত করতে চাই। তাদের কর্মসংস্থান ও আইটি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জকিগঞ্জের দুটি মাদ্রাসায় খুব শিগগিরই সরকারি উদ্যোগে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।”
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সরকারি অনুদান ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১৮টি হুইলচেয়ার এবং চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মাঝে ১ লাখ ৫০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।
এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) থেকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের পুনর্বাসনের জন্য ২ লাখ ৪০ হাজার টাকা এবং ৩৩ জন দরিদ্র মানুষের মাঝে ৩৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ রানা, প্রণয় বিশ্বাস, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ডা. আব্দুল আহাদ এবং আব্দুল মুমিন।
সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host