গোয়াইনঘাট ভূমি অফিসের সহকারীর বিরুদ্ধে নামজারিতে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: 9:46 PM, July 11, 2026

গোয়াইনঘাট ভূমি অফিসের সহকারীর বিরুদ্ধে নামজারিতে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

আব্দুল হালিম গোয়াইনঘাট প্রতিনিধি| গোয়াইনঘাট, সিলেট

সিলেটের গোয়াইনঘাট ভূমি অফিসের অফিস সহকারী অসিম চন্দের বিরুদ্ধে নামজারি কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং নগদ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট ভূমি অফিসে সেবা নিতে আসা বিভিন্ন ব্যক্তি নামজারির আবেদন করলে অফিস সহকারী অসিম চন্দ বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রেখে অতিরিক্ত অর্থ দাবি করেন। অভিযোগকারীদের দাবি, চাহিদামতো অর্থ না দিলে নামজারির আবেদন বাতিলের সুপারিশ করা হয় এবং অনেক ক্ষেত্রে মূল দলিলপত্রও আটকে রাখা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, অসিম চন্দের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে উপজেলার অনেক সেবাগ্রহীতা হয়রানির শিকার হয়েছেন। তারা মূল দলিল ও অর্থ ফেরত পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলার ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন সিলেটের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, নামজারির কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে অফিস সহকারী অসিম চন্দকে নগদ ৬০ হাজার টাকা দেন। পরে আরও অর্থ দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপর তার নামজারির আবেদন বাতিল হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া মূল দলিল ও টাকা ফেরত চাইতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে তিনি তার মূল দলিল ও অর্থ উদ্ধার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে অফিস সহকারী অসিম চন্দের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর