ঢাকা |
প্রকাশিত: 12:37 AM, August 19, 2026
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর নিউমার্কেট বাজার এলাকায় প্রবাসীদের অর্থায়নে নির্মিতব্য বহুল প্রত্যাশিত ‘এনআরবি মেডিকেল কলেজ হাসপাতাল’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের এই চিকিৎসা প্রতিষ্ঠানের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ট্রাস্টের যুক্তরাজ্য শাখার চেয়ারম্যান ব্যারিস্টার মো. লুৎফুর রহমান, ট্রাস্টের কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ট্রাস্ট সেক্রেটারি ব্যারিস্টার নাহিদ সুলতানা পারভীন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।
অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হুমায়ুন কবিরকে ফুলের তোড়া দিয়ে ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রবাসীদের নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এ ধরনের বিশ্বমানের হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। হাসপাতালটি চালু হলে সিলেটের স্থানীয় জনসাধারণসহ পুরো অঞ্চলের মানুষ আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে এক নতুন যুগে প্রবেশ করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ গয়াছ মিয়া। তিনি বলেন, ব্যস্ত সময়ের মধ্যেও এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য প্রধান অতিথি হুমায়ুন কবিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই এনআরবি মেডিকেল কলেজ হাসপাতালটি অত্র এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজতর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে এনআরবি মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তারা প্রবাসীদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও সফলতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও ফলক উন্মোচনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় এনআরবি ট্রাস্টের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host