ঢাকা |
প্রকাশিত: 9:02 AM, August 25, 2026
মোঃ আব্দুর রকিব আনুওসমানীনগর প্রতিনিধি:
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় একই স্থানে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকালের মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও একই স্পটে সিলেট থেকে ঢাকাগামী “গ্রীন লাইন পরিবহন”-এর একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলতে থাকা গ্রীন লাইন বাসটির একটি চাকা হঠাৎ খুলে গিয়ে মহাসড়কের পাশে ঝোপঝাড়ে ছিটকে পড়ে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়কের পাশে পড়ে যায় এবং গাড়ির নিচের বডি ও লাগেজ কম্পার্টমেন্টের সুরক্ষাপ্যানেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে বাসের ভেতর থাকা প্রায় অর্ধশত যাত্রী অলৌকিকভাবে সামান্যের জন্য বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
উল্লেখ্য, গতকাল শনিবার (২২ আগস্ট) ঠিক একই স্থানে তেলবাহী লরির সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন।
পর পর দুই দিন একই স্থানে দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহাসড়কের এই অংশে বিপজ্জনক বাঁক, বেপরোয়া গতি এবং সড়ক অসমতল থাকার কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। অতি দ্রুত এই ঝুঁকিপূর্ণ স্থানে ট্রাফিক সংকেত বসানো এবং মহাসড়ক সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host