ঢাকা |
প্রকাশিত: 9:19 AM, August 25, 2026
মোঃ আব্দুর রকিব আনু
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২২ আগস্ট) বেলা আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১১-৮৩৫৩)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা চারজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনায় নিহতরা হলেন—শেরপুর মাঝেরপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৬), জগন্নাথপুর উপজেলার শ্রীরামিশী গ্রামের গফুর মিয়ার ছেলে নিয়ামত (৪৫), তাঁর স্ত্রী উসুফা বেগম (৩০) ও মেয়ে আয়সা আক্তার (৫)।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host