চোট কাটিয়ে কাজে ফিরছেন রাশমিকা, ভক্তদের দিলেন সুখবর

প্রকাশিত: 1:46 AM, August 31, 2026

চোট কাটিয়ে কাজে ফিরছেন রাশমিকা, ভক্তদের দিলেন সুখবর

বিনোদন ডেস্কঃ

শারীরিক চোটের কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে দীর্ঘ বিরতি শেষে অবশেষে কাজে ফেরার সুখবর দিয়েছেন এই অভিনেত্রী। এতে স্বস্তি ফিরেছে তার ভক্তদের মাঝে।

আসন্ন সিনেমা ‘মাইসা’-এর শুটিংয়ে অংশ নিতে গিয়ে হিপ ইনজুরিতে পড়েছিলেন রাশমিকা। চিকিৎসকের পরামর্শে তাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়। এ সময় শুটিংসহ নিয়মিত কাজ থেকে দূরে ছিলেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশ্রামের দিনগুলোর বেশ কিছু স্মৃতিময় ছবি ও ভিডিও শেয়ার করেছেন রাশমিকা। পরিবারের সঙ্গে সময় কাটানো, পূজা দেওয়া, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলা, ধাঁধা মেলানো এবং বাগানে সময় কাটানোর নানা মুহূর্ত উঠে এসেছে সেসব ছবিতে।

ছবি ও ভিডিওগুলোর কোলাজ প্রকাশ করে ক্যাপশনে রাশমিকা লিখেছেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি। কিন্তু সত্যি বলতে, এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’

চোটে পড়ার আগে টানা একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। তার হাতে থাকা আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলারে একজন সাহসী উপজাতীয় নারীর চরিত্রে দেখা যাবে তাকে।

নতুন এই চরিত্রে রাশমিকাকে একেবারেই ভিন্ন অবতারে দেখা যাবে বলে প্রত্যাশা করছেন তার ভক্তরা। চোট কাটিয়ে দ্রুত কাজে ফেরার খবরে তাই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

সর্বশেষ ২৪ খবর