ঢাকা |
প্রকাশিত: 4:18 PM, February 19, 2019
ডেস্ক প্রতিবেদন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন মাসুদ সাঈদী। সেই জামিনের মেয়াদ শেষ হয়ে গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদ খালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দুই জামায়াতকর্মীকে আটক করে।
কিন্তু উপজেলা চেয়ারম্যান পুলিশের টের পেয়ে পালিয়ে যান বলে মামলার বাদী এজাহারে দাবি করেন। আটকদের ওই মামলায় আটক দেখিয়ে ২৬ ডিসেম্বর আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরদিন ২৬ ডিসেম্বর ইন্দুরকানী থানার এসআই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মো. জাকির হোসেন, ওবায়দুল্লাসহ আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
এর আগে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ সাঈদী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host