বরাদ্দ ৮৬৫ কোটি, এমপিওভুক্ত হতে পারে আরও শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত: 8:01 PM, November 24, 2019

বরাদ্দ ৮৬৫ কোটি, এমপিওভুক্ত হতে পারে আরও শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক প্রতিবেদন : ২০১৯-২০২০ অর্থবছরে স্বীকৃতিপ্রাপ্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) লক্ষ্যে অর্থ বিভাগ হতে ৮৬৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত এক হাজার ৬৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এ বাবদ বার্ষিক ব্যয় প্রায় ৪৫৬ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকা।

এসব ব্যয়ের পর আরও প্রায় ৪০৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকা অবশিষ্ট থাকবে। এ অবশিষ্ট অর্থ দিয়ে সংশোধিত নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে চলতি অর্থবছর আরও কিছু যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং মাহী বদরুদ্দোজা চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

জানা যায়, ‘‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’’ নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দফতরের প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর